বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার হতাশাজনক পারফরম্যান্স দেখে ক্ষোভে নিজের প্রিয় দলের জার্সিতে আগুন দিয়েছেন ভোলার এক সমর্থক। শনিবার (৪ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। জার্সি পোড়ানো ওই সমর্থকের নাম নিরব, তিনি শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাকসুদ মিয়ার ছেলে।
জানা গেছে, আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার ম্যাচ চলাকালীন দলের খেলায় চরম হতাশ হয়ে পড়েন নিরব। একপর্যায়ে তিনি প্রকাশ্যে নিজের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সিতে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে তিনি আর আর্জেন্টিনার সমর্থক থাকবেন না বলে জানিয়ে অন্য একটি দলের সমর্থক হওয়ার ঘোষণা দেন। এই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের কেউ কেউ বিষয়টিকে ফুটবলপ্রেমীর আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে নিছক মজার ঘটনা হিসেবে মন্তব্য করছেন।
এ বিষয়ে নিরব জানান, ভোরে ঘুম থেকে উঠে খেলা দেখতে বসেছিলেন তিনি। কিন্তু আর্জেন্টিনার পারফরম্যান্স দেখে তিনি এতটাই হতাশ হন যে, ক্ষোভে নিজের জার্সি পুড়িয়ে দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। তবে একই এলাকার আর্জেন্টিনা সমর্থক মো. নুরে আলম এই ঘটনার সমালোচনা করে বলেন, ফুটবল একটি খেলা মাত্র এবং এটি উপভোগ করা উচিত। তার মতে, যিনি এই কাজ করেছেন তিনি প্রকৃত সমর্থক নন এবং খেলা না বুঝেই এমনটি করেছেন। নিরবের এই সিদ্ধান্ত স্থায়ী নাকি সাময়িক আবেগ, তা নিয়ে স্থানীয় ফুটবল অনুরাগীদের মধ্যে নানা আলোচনা ও সমালোচনা চলছে।
আর্জেন্টিনার পারফরম্যান্সে হতাশ হয়ে নিজের জার্সিতে আগুন দিলেন ভোলার এক সমর্থক। দল পরিবর্তনের ঘোষণাও দিয়েছেন তিনি। এই ঘটনা নিয়ে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
-6a48a5e0eaa6b.webp)

0 মন্তব্যসমূহ