যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত পুলিশ প্রধানদের পঞ্চম সম্মেলনে (ইউএনকপস ২০২৬) বিশ্বজুড়ে ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পদ্ধতিগত জ্ঞান বিনিময় ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক’ প্রতিষ্ঠার প্রস্তাব করেন। দুই দিনব্যাপী এই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
সম্মেলনে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় তিনটি গুরুত্বপূর্ণ সেশনে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের পুলিশ প্রধান ও নীতিনির্ধারকেরা। প্রথম সেশনে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ ও অপরাধী চক্রের আন্তঃদেশীয় নেটওয়ার্কের কারণে বর্তমান বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রথাগত পুলিশিং ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা জরুরি।
শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটকে (এফপিইউ) আধুনিকায়ন করা হয়েছে। বর্তমানে পুলিশ বাহিনীতে সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট, সাইবার ও সংগঠিত অপরাধ তদন্ত বিশেষজ্ঞ এবং ফরেনসিক বিশেষজ্ঞসহ বিভিন্ন বিশেষায়িত বিভাগ যুক্ত করা হয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় তিনি বার্ষিক ‘পরিবেশ পুলিশিং সম্মেলন’ আয়োজনের প্রস্তাব দেন। সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সুনির্দিষ্ট ও দূরদর্শী প্রস্তাবনাগুলো বিশ্ব নেতৃবৃন্দের কাছে প্রশংসিত হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী নেটওয়ার্ক ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার প্রস্তাবনাগুলো বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।


0 মন্তব্যসমূহ