জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মুক্তচিন্তার দর্শনকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে নজরুল বর্ষ-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমিতে এই উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান। এছাড়াও দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, নজরুল বর্ষ উদযাপনের মূল লক্ষ্য হলো কবির সাম্য ও মানবতার চেতনাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া। আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত কেবল সৃজনশীলতার নিদর্শন নয়, বরং এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বৈষম্যহীন সমাজ গড়ার এক চিরন্তন প্রেরণা। বর্তমান প্রেক্ষাপটেও তাঁর দর্শন সমানভাবে প্রাসঙ্গিক।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, জাতীয় কবির আদর্শ ও দেশপ্রেমের শিক্ষা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাঁর প্রদর্শিত সহনশীলতা ও সাম্যের পথ অনুসরণ করতে পারলেই একটি উদার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। অনুষ্ঠানের শেষ অংশে নজরুলের সৃষ্টিকর্মের ওপর ভিত্তি করে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা।
কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষ-২০২৬ পালিত হয়েছে। জাতীয় কবির সাম্য ও মানবতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই বিশেষ আয়োজন করা হয়।


0 মন্তব্যসমূহ