আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে অনানুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে জামায়াতে ইসলামী। দেশের বিভিন্ন সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে লক্ষ্য করে দলটি তাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে। দলীয় সূত্রে জানা গেছে, সরাসরি দলীয় প্রতীকে অংশ না নিলেও অন্তত আটটি সিটি করপোরেশনের জন্য সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করে রাখা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিনের নাম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কয়েম। চট্টগ্রাম সিটি করপোরেশনে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালীকে প্রার্থী হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া গাজীপুর সিটি করপোরেশনে তুরস্কের গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, বরিশাল সিটি করপোরেশনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুর সিটি করপোরেশনে মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান, খুলনা সিটি করপোরেশনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মহানগর আমির মোহাম্মদ আবদুল জব্বারের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে তালিকায় রয়েছে। দলীয় সূত্রমতে, এসব সম্ভাব্য প্রার্থীরা বর্তমানে নিজ নিজ এলাকায় সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। সিটি করপোরেশনের পাশাপাশি দেশের ৩৩১টি পৌরসভা এবং অধিকাংশ উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদেও প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় সম্পন্ন করেছে জামায়াতে ইসলামী।
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামায়াতে ইসলামী। ৮টি সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি পৌরসভা ও উপজেলা পর্যায়েও প্রার্থী বাছাইয়ের কাজ চলছে।


0 মন্তব্যসমূহ