দেশের প্রথম ফিউশন কুকিং রিয়েলিটি শো ‘স্টার শিপ ফিউশন শেফ’-এর জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল। শুক্রবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কুষ্টিয়ার মোহাম্মদ লিখন। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ২৫ লাখ টাকা। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন চট্টগ্রামের মোহাম্মদ আবিদ ইকবাল এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ঢাকার মাইনুদ্দিন হাসান চিশতী। তাঁরা যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ টাকা অর্থ পুরস্কার লাভ করেন।
বিজয়ীদের পাশাপাশি শীর্ষ দশে থাকা অন্য প্রতিযোগীরাও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে তিন মাসের ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছেন। মাসুমা রহমান নাবিলার উপস্থাপনায় এই রিয়েলিটি শোটি চ্যানেল আই, চরকি এবং প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে। চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের নির্ধারিত সময়ে ফিউশন স্টার্টার, মেইন কোর্স ও ডেজার্ট তৈরি করতে হয়। স্বাদ, সৃজনশীলতা ও পরিবেশন শৈলীর ওপর ভিত্তি করে বিচারকেরা সেরা নির্বাচন করেন।
অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অভিনয়শিল্পী ও নির্মাতা আফসানা মিমি, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের এক্সিকিউটিভ স্যুস শেফ মো. আসাদুজ্জামান আসাদ এবং ডাচ ক্লাব ঢাকার এক্সিকিউটিভ শেফ সৈয়দ তাজাম্মুল হক তারেক। গ্র্যান্ড ফিনালেতে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
চ্যাম্পিয়ন মোহাম্মদ লিখন তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, এই অর্জন তাঁর রন্ধনশিল্প নিয়ে দেখা স্বপ্ন পূরণের পথে বড় একটি ধাপ। প্রথম রানারআপ চট্টগ্রামের আবিদ ইকবাল এবং দ্বিতীয় রানারআপ মাইনুদ্দিন হাসান চিশতীও এই মঞ্চ থেকে প্রাপ্ত অভিজ্ঞতাকে তাঁদের জীবনের বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।
আয়োজক প্রতিষ্ঠান স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শোয়েব মো. আসাদুজ্জামান জানান, বাংলাদেশের রন্ধনশিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। স্টার শিপ সয়াবিন অয়েল এই প্রতিযোগিতার মূল পৃষ্ঠপোষক ছিল এবং পাওয়ার্ড বাই হিসেবে ছিল আমা আটা-ময়দা-সুজি।
দেশের প্রথম ফিউশন কুকিং রিয়েলিটি শো স্টার শিপ ফিউশন শেফের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার লিখন চ্যাম্পিয়ন এবং চট্টগ্রামের আবিদ রানারআপ হয়েছেন। সেরা ১০ প্রতিযোগী পাচ্ছেন ইন্টার্নশিপের সুযোগ।



0 মন্তব্যসমূহ