Recents in Beach

ব্রেকিং নিউজ

বেতন তিনগুণ করার দাবিতে সাতক্ষীরায় ডাকঘর কর্মচারীদের বিক্ষোভ ও দেশব্যাপী ধর্মঘটের হুঁশিয়ারি

বেতন তিনগুণ করার দাবিতে সাতক্ষীরায় ডাকঘর কর্মচারীদের বিক্ষোভ ও দেশব্যাপী ধর্মঘটের হুঁশিয়ারি

বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়। দাবি আদায় না হলে আগামী ৬ জুলাই থেকে দেশের প্রায় ৮ হাজার ৫০০ শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন শোভাষিনী শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আশরাফুল আলম। মানববন্ধনে বক্তব্য রাখেন এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আক্তারুল ইসলাম, কাদাকাটি শাখা ডাকঘরের পোস্টমাস্টার শিহাব উদ্দীন, তালা উপজেলার হরিহরনগর শাখার পোস্টমাস্টার আবুল কালাম আজাদ, ভালুকা চাঁদপুর শাখার পোস্টমাস্টার বাবু অসিত কুমার মন্ডল, রসূলপুর শাখার পোস্টমাস্টার ফারহানা খান এবং জগন্নাথপুর শাখার পোস্টমাস্টার আজরাতু জান্নাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা জানান, বর্তমান বাজারে জীবনযাত্রার ব্যয় বাড়লেও শাখা ডাকঘরের কর্মচারীরা মাত্র ৪ হাজার ৪৬০ টাকা মাসিক বেতন পাচ্ছেন, যা দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ইতিপূর্বে কলম ধর্মঘট পালন করা হলেও কোনো সমাধান না আসায় সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী আন্দোলনে নেমেছেন। আগামী ৬ জুলাইয়ের মধ্যে দাবি পূরণ না হলে সারা দেশের শাখা ডাকঘরগুলোতে অচলাবস্থা তৈরির হুঁশিয়ারি দেন তারা।

সংক্ষেপে:
বেতন বৃদ্ধি ও বিভাগীয় স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় ডাকঘর কর্মচারীদের বিক্ষোভ। দাবি না মানলে ৬ জুলাই থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ