কুমিল্লার আদর্শ সদর উপজেলায় আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. শরিফুল ইসলাম নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন ধনপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা গ্রামের মো. মতিউর রহমানের ছেলে। তিনি জীবিকার প্রয়োজনে কুমিল্লা নগরীর মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সংকর কান্তি দাস জানান, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিশরের খেলা চলাকালে আর্জেন্টিনা গোল হজম করলে শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন। এসময় তিনি আর্জেন্টিনা সমর্থকদের লক্ষ্য করে বিভিন্ন কটাক্ষ ও ট্রল করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শরিফুলের ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে এই মারামারি ও মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ চলাকালে গোল নিয়ে বাগবিতণ্ডার জেরে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত করছে।


0 মন্তব্যসমূহ