বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি তাদের সর্বাধুনিক ব্যাটারি ও দ্রুত চার্জিং প্রযুক্তির সক্ষমতা তুলে ধরতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। ইতালির রোম থেকে হংকং পর্যন্ত ১৫ হাজার কিলোমিটারের দীর্ঘ এক পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে কোম্পানিটির বিশেষ মডেলের বৈদ্যুতিক গাড়ি। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে জানা গেছে, বিওয়াইডির দাবি অনুযায়ী এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে দূরপাল্লার বৈদ্যুতিক গাড়ি।
গত ১৩ জুন রোম থেকে যাত্রা শুরু করে বিওয়াইডির প্রিমিয়াম ব্র্যান্ড ডেনজার জেড৯ জিটি মডেলের উন্নত সংস্করণের কয়েকটি গাড়ি। প্রায় ৪৩ দিনের এই দীর্ঘ সফরে গাড়িগুলো ইতালি, ক্রোয়েশিয়া, সার্বিয়া ও তুরস্কসহ ইউরোপের বিভিন্ন দেশ অতিক্রম করছে। এই মডেলে যুক্ত করা হয়েছে বিওয়াইডির নতুন ব্লেড ব্যাটারি ২.০, যা একবার পূর্ণ চার্জে ১ হাজার ৩৬ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এছাড়া কোম্পানিটির ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তির মাধ্যমে মাত্র ৯ মিনিট চার্জ দিলেই গাড়িটি ৯০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে।
বিওয়াইডির তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে আন্তর্জাতিক বাজারে তাদের গাড়ি সরবরাহ ৮২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৭১ হাজার ৯১ ইউনিটে দাঁড়িয়েছে। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে ব্যাটারিচালিত গাড়ির ক্রমবর্ধমান চাহিদাই এই প্রবৃদ্ধির মূল কারণ।
এই সফরের পরিকল্পনাকারী হিসেবে রয়েছেন এম৩১ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা অংশীদার প্যাট্রিক ঝং এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ জেফরি স্যাকস। রোমে যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিওয়াইডির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট স্টেলা লি জানান, এই সফরের মাধ্যমে তারা বিশ্বজুড়ে টেকসই প্রযুক্তির বার্তা পৌঁছে দিতে চান।
উল্লেখ্য, ডেনজা ব্র্যান্ডটি ২০১১ সালে বিওয়াইডি ও মার্সিডিজ-বেঞ্জ গ্রুপের যৌথ উদ্যোগে শুরু হলেও বর্তমানে এর পূর্ণ মালিকানা বিওয়াইডির হাতে। সম্প্রতি ইংল্যান্ডের গুডউড ফেস্টিভ্যাল অব স্পিডে কোম্পানিটি তাদের নতুন ডেনজা জেড স্পোর্টস কার উন্মোচন করেছে, যা বিশ্ববাজারে পোরশের মতো ব্র্যান্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ধারণা করা হচ্ছে।
রোম থেকে হংকং পর্যন্ত ১৫ হাজার কিলোমিটারের দীর্ঘ সফরে নেমেছে বিওয়াইডির নতুন বৈদ্যুতিক গাড়ি। উন্নত ব্যাটারি ও দ্রুত চার্জিং প্রযুক্তির সক্ষমতা তুলে ধরতেই এই বিশেষ রোড শোর আয়োজন করা হয়েছে।



0 মন্তব্যসমূহ