বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে নারী গৃহকর্মী নিয়োগ সংক্রান্ত কোনো দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত না হওয়ায় বর্তমানে দেশটিতে সরকারিভাবে নারী কর্মী পাঠানো বন্ধ রয়েছে। তবে এই আইনি নিষেধাজ্ঞা অমান্য করে একটি সংঘবদ্ধ দালাল চক্র মোটা অংকের অর্থের বিনিময়ে অবৈধ উপায়ে কুয়েতের ভিসা সংগ্রহ করে নারী কর্মীদের সেখানে পাঠাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী, দ্বিপাক্ষিক চুক্তি না হওয়া পর্যন্ত কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক নারী গৃহকর্মী বা খাদ্দামা ভিসা সত্যায়ন করার কোনো আইনি সুযোগ নেই। কিন্তু দূতাবাস থেকে কোনো অনুমোদন বা সত্যায়ন না মিললেও দালাল সিন্ডিকেট বিকল্প পথে বাংলাদেশ থেকে নারী গৃহকর্মীদের কুয়েতে পাঠাচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এই চক্রটি নারী গৃহকর্মীদের ভিসার বিষয়ে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। এই সিন্ডিকেটের নেপথ্যে 'মনজু' নামের এক দালালের সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি কুয়েত, সৌদি আরব ও জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভিসা কেনাবেচার জন্য একটি অবৈধ অফিস পরিচালনা করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মনজু নিজে একসময় দালালের খপ্পরে পড়ে সৌদি আরব গিয়ে মানবেতর জীবনযাপন করেছিলেন। পরবর্তীতে সেখান থেকে অবৈধ হয়ে দেশে ফিরে তিনি এই দালাল সিন্ডিকেট গড়ে তোলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে ভিসার ব্যবসা শুরু করেন।
এদিকে, গত ২ জুলাই কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে নারী গৃহকর্মী প্রেরণের বিষয়ে একটি জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত তিন মাসে অন্তত সাতজন নারী গৃহকর্মী কুয়েতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের সহায়তায় দূতাবাস তাদের উদ্ধার করে বাংলাদেশে ফেরত পাঠায়। দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, দুই দেশের সরকারের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হওয়ার আগে কোনো বাংলাদেশি নারী যেন গৃহকর্মী হিসেবে কুয়েতে না আসেন। অসাধু চক্রের প্রলোভন থেকে সবাইকে সাবধান থাকার এবং এই সিন্ডিকেটকে রুখে দিতে সামাজিক সচেতনতা ও আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মিশন।
কুয়েতে নারী গৃহকর্মী নিয়োগে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও সক্রিয় রয়েছে অবৈধ দালাল চক্র। সম্প্রতি নির্যাতনের শিকার হয়ে বেশ কয়েকজন নারী দেশে ফিরেছেন। প্রলোভনে পা না দিতে সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস।


0 মন্তব্যসমূহ