ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের স্মরণে আজ ১৬ জুলাই সারাদেশে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ অন্তত ছয়জন শাহাদাতবরণ করেন।
২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশ ও তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র ও যুব সংগঠনের হামলায় সারা দেশের রাজপথ অগ্নিগর্ভ হয়ে ওঠে। সেই আন্দোলনের প্রথম রক্তক্ষয়ী অধ্যায় রচিত হয় রংপুরের মাটিতে। পুলিশের বন্দুকের সামনে আবু সাঈদের দুই হাত প্রসারিত করে বুক পেতে দাঁড়িয়ে থাকার দৃশ্যটি দেশজুড়ে তীব্র গণক্ষোভের জন্ম দেয়। পরবর্তীতে এই আন্দোলন সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয় এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।
শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী প্রদান করেছেন। দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা হচ্ছে।
আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে আজ দেশজুড়ে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।



0 মন্তব্যসমূহ