তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামরিক কর্মকর্তা থেকে এক জননন্দিত রাজনৈতিক ব্যক্তিতে রূপান্তর এবং দেশে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের ভিত্তি স্থাপনে মশিউর রহমান যাদু মিয়ার অবদান অনস্বীকার্য। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মশিউর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জননেতা মশিউর রহমান যাদু মিয়া স্মৃতি জাতীয় কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
দেশের রাজনৈতিক বিবর্তনের ইতিহাস তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ পরবর্তী সময়ে দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল, তখন অধিকাংশ রাজনৈতিক দল দিকভ্রান্ত হয়ে পড়েছিল। তিনি উল্লেখ করেন, জমিদারি প্রথা বিলুপ্তির পর শেরেবাংলার কৃষক প্রজা পার্টি যেমন কার্যকারিতা হারায়, তেমনি স্বাধীনতার পর মুসলিম লীগের রাজনীতিও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল। জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ধর্মকে ব্যবহার করে দেশবিরোধী ভূমিকা রাখায় তারা দীর্ঘ সময় নিষিদ্ধ ছিল। সেই অস্থির সময়ে জাসদের উত্থান কিংবা বামপন্থী রাজনীতি যখন দিশেহারা, তখন যাদু মিয়াই দূরদর্শিতার পরিচয় দিয়ে ভবিষ্যতের রাজনৈতিক পথরেখা তৈরি করেছিলেন।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দিয়ে যাদু মিয়ার রাজনৈতিক মূল্যায়ন করা সম্ভব নয়। একজন সেনা কর্মকর্তাকে অত্যন্ত সুনিপুণ প্রক্রিয়ায় রাজনীতিবিদ হিসেবে গড়ে তোলার কঠিন দায়িত্ব তিনি পালন করেছিলেন। বিএনপির প্রতিষ্ঠা এবং শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের নেপথ্যে যাদু মিয়ার প্রজ্ঞা কাজ করেছে। তাঁর সেই সিদ্ধান্তের ফলেই দেশে জাতীয়তাবাদী রাজনীতির ধারা তৈরি হয়েছে, যার ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে।
বিশিষ্ট ছড়াকার আবু সালেহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ। স্মারক বক্তব্য প্রদান করেন ক্যাপ্টেন (অব.) এম রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক মন্ত্রী ও জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ দিদার বখত, জ্যেষ্ঠ সাংবাদিক গাজীউল হাসান খান এবং মোস্তফা কামাল মজুমদার। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন রাজনৈতিক বিশ্লেষক রিটা রহমান। বক্তারা মশিউর রহমান যাদু মিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ জিয়াকে সামরিক কর্মকর্তা থেকে জননন্দিত রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলতে মশিউর রহমান যাদু মিয়ার অবদান তুলে ধরলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।



0 মন্তব্যসমূহ