পিরোজপুরে এনসিপির পদযাত্রা কর্মসূচি পরবর্তী এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিগত সরকার জনগণের কাছ থেকে তিনটি নির্বাচন কেড়ে নিয়েছিল। গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। সোমবার (২০ জুলাই) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদমিনারের পাশে জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে এই সভা অনুষ্ঠিত হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের আগে আমরা জনগণকে ফ্রিতে সার্ভিসের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সংসদে গত পাঁচ মাসে কোনো রক্তচক্ষুকে ভয় না পেয়ে মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে কথা বলেছি। তিনি আরও বলেন, এস আলম ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে এবং বিদ্যুৎ খাতেও দুর্নীতি হয়েছে। জনগণের সম্পদ লুটের এই সংস্কৃতি অবশ্যই বন্ধ করতে হবে।
অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ পিরোজপুর জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাকে পিরোজপুর পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সম্পদ রক্ষায় কোনো আপস করা হবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান, জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবির এবং পিরোজপুর-৩ আসনের এনসিপির এমপি প্রার্থী শামীম হামিদী।
পিরোজপুরে এনসিপির পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। একইসাথে তিনি পিরোজপুর পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন।



0 মন্তব্যসমূহ