কক্সবাজারের রামুতে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাবার বাগান এলাকায় একটি অভিযানে তাদের ধরা হয়। পাচারকারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি সাদা রঙের টয়োটা সিএইচআর প্রাইভেটকার ব্যবহার করছিল। আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া এলাকার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকার উর্মি আক্তার উষা (১৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো তিনটি পোটলা থেকে মোট ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মাদকসহ ব্যবহৃত গাড়িটি এবং চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। এছাড়া আটককৃতদের কাছ থেকে গাড়ির ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনও উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনি প্রক্রিয়া শেষে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএনসির এই কর্মকর্তা।
রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচারের সময় ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা হয়েছে ৬ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার।



0 মন্তব্যসমূহ