গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে পুনরায় গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে বলেন, মুখে বাস্তবায়নের কথা বললেও কাজে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। জনগণের সাথে কোনো ধরনের প্রতারণা বা ছলনা সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, বরিশালের পর রাজধানী ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিটি জেলা ও উপজেলায় ধারাবাহিক কর্মসূচি চলমান থাকবে। দাবি আদায় না হলে হরতাল ও অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।
জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে চরমপত্র দিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বরিশালের সমাবেশে তিনি বলেন, দাবি আদায় না হলে গণঅভ্যুত্থান ও হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।



0 মন্তব্যসমূহ