বাংলাদেশে বিদ্যমান গ্যাস সংকট দূর করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এক ফোনালাপে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সংকট নিরসনে দ্রুত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী জানান, সমস্যার গুরুত্ব বিবেচনা করে প্রধানমন্ত্রী গত সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠান, যা কুয়ালালামপুরে সফররত শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন হস্তান্তর করেন। এরপর মঙ্গলবার দুপুর ২টায় দুই নেতার মধ্যে সরাসরি ফোনালাপ হয়।
ফোনালাপে আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন যে, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় তার দেশ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিম ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপের কথা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানাবেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই সরকার এই সমস্যা সমাধানে নিরলস কাজ করছে। বর্তমানে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এই ঘাটতি কমিয়ে আনতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সুযোগ এবং তাদের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে। পেট্রোবাংলা ও আরপিজিসিএলসহ সংশ্লিষ্ট সব সংস্থা সংকট উত্তরণে দিনরাত কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
দেশে চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফোনালাপে দ্রুত সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।



0 মন্তব্যসমূহ