রংপুরে চার দফা দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বৃষ্টির বাধা সত্ত্বেও নেতাকর্মীদের ঢল নেমেছে। শনিবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিভাগের আট জেলা থেকে আসা লাখো মানুষ সমবেত হন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করার ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে এই সমাবেশের ডাক দেওয়া হয়।
বেলা আড়াইটার পর মুষলধারে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীরা মাঠ ছাড়েননি। ছাতা ও পলিথিন মাথায় দিয়ে কিংবা ভিজে অবস্থায় তারা দলীয় নেতাদের বক্তব্য শোনেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলী আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।
সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। এছাড়াও মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, এনসিপি রংপুর জেলার আহ্বায়ক আল মামুন, সদস্য সচিব আব্দুল মালেক, খেলাফত মজলিস মহানগর সভাপতি ইব্রাহিম খলিল, এবি পার্টির মহানগর সাধারণ সম্পাদক মাহবুবার রহমান, লেবার পার্টির মহানগর সভাপতি শামসুদ্দিন রাজা এবং এলডিপির কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ এম. শরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে আসা নেতাকর্মীরা জানান, দেশের স্বার্থে এবং রংপুরের মানুষের দাবি আদায়ে তারা সব প্রতিকূলতা উপেক্ষা করে এখানে সমবেত হয়েছেন।
রংপুরে বৃষ্টি উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। তিস্তা মহাপরিকল্পনা ও সীমান্ত হত্যা বন্ধসহ ৪ দফা দাবিতে জিলা স্কুল মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।



0 মন্তব্যসমূহ