ঢাকার রাস্তা থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশের জন্য ক্ষতিকর যানবাহন দ্রুত সরিয়ে নিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে রাজধানীর অন্তত ৫০টি স্থানে দ্রুততম সময়ের মধ্যে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুরও নির্দেশনা দেন তিনি।
শনিবার (১৮ জুলাই ২০২৬) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত পরিবেশ দূষণ সংক্রান্ত এক বৈঠকে তিনি এসব নির্দেশনা প্রদান করেন। সভায় বায়ু ও শব্দদূষণ রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার মাধ্যমে সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তিতে ইট তৈরির ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
রাজধানীতে যানবাহনের হর্নের অপব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
ঢাকার সড়ক থেকে ফিটনেসবিহীন গাড়ি অপসারণ এবং ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বায়ু ও শব্দদূষণ রোধে এআই প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।



0 মন্তব্যসমূহ