ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসর ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি চলছে শত কোটি ডলারের বিশাল কর্মযজ্ঞ। ৪৮টি দল ও ১০৪টি ম্যাচের এই টুর্নামেন্টে বাণিজ্যের পাল্লা একদিকে যেমন ভারী হচ্ছে, অন্যদিকে লোকসানের মুখেও পড়ছেন অনেকে। এই বিশাল কর্মযজ্ঞে সবচেয়ে বড় জয়ী পক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ডয়চে ব্যাংকের গবেষক মারিয়ন লাবুরে জানিয়েছেন, চার বছরের এই চক্রে ফিফার আয় প্রায় ১৩ বিলিয়ন ডলার স্পর্শ করতে পারে। টিকিট বিক্রি, সম্প্রচার স্বত্ব ও স্পনসরশিপের পাশাপাশি রিসেল প্ল্যাটফর্ম থেকেও বড় অঙ্কের কমিশন পাচ্ছে তারা।
সম্প্রচারকারী প্রতিষ্ঠান ও অফিসিয়াল স্পনসররাও এই আসর থেকে বিপুল মুনাফা অর্জন করছে। ফক্স স্পোর্টসের মতো প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন বিক্রির মাধ্যমে বিনিয়োগের কয়েক গুণ বেশি আয় করছে। বিশেষ করে ফিফা প্রবর্তিত ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি বিরতি বিজ্ঞাপনদাতাদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। এছাড়া মাঠের বাইরে বাণিজ্যিক দুনিয়ায় বড় সফলতার মুখ দেখছেন সাবেক তারকা ডেভিড বেকহ্যাম। তার এআই সংস্করণ ও বিভিন্ন ব্র্যান্ডের দূতিয়ালার পাশাপাশি তার মালিকানাধীন ইন্টার মায়ামি ক্লাবের বাজারমূল্যও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, এই বিশ্বকাপ জুয়া কোম্পানিগুলোর জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রায় ৫০ বিলিয়ন ডলারের বাজি ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এই বাণিজ্যিক চাকচিক্যের উল্টো পিঠে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ফুটবল ভক্তরা। ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ নীতির কারণে টিকিটের দাম সাধারণের নাগালের বাইরে চলে গেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও টিকিটের উচ্চমূল্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। যাতায়াত ও আবাসন খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ায় ভক্তদের পকেট খালি হচ্ছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির ফেলো আলেকজান্ডার বুডজিয়ারের মতে, আয়োজক শহরগুলো দীর্ঘমেয়াদী কোনো অর্থনৈতিক সুবিধা পাচ্ছে না। উল্টো পর্যটকদের অতিরিক্ত চাপে অনেক শহর বিশৃঙ্খলার মুখে পড়ছে। এছাড়া হোটেল মালিকরা অভিযোগ করেছেন যে, ফিফা অতিরিক্ত রুম ব্লক করে রাখায় তারা আশানুরূপ বুকিং পাচ্ছেন না, যা তাদের ব্যবসায়িক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
৪৮ দলের ফুটবল বিশ্বকাপ ঘিরে চলছে শত কোটি ডলারের বিশাল বাণিজ্য। ফিফা ও স্পনসররা রেকর্ড মুনাফা করলেও আকাশছোঁয়া টিকিটের দাম ও যাতায়াত খরচে বিপাকে পড়েছেন সাধারণ ভক্ত থেকে শুরু করে আয়োজক শহরগুলো।



0 মন্তব্যসমূহ