ভারতে কারাবাস শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে নিজ দেশে ফিরেছেন দিনাজপুরের জারা ইসলাম ওরফে রানি ইসলাম (১৯) নামে এক তরুণী। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট থেকে তাকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ফেরত আসা জারা ইসলাম দিনাজপুর জেলার কোতোয়ালি থানার সায়েদপুর এলাকার আশাদুল রহমানের মেয়ে।
হরিদাসপুর-বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এসময় উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারতীয় কর্তৃপক্ষের তথ্যমতে, কলকাতা থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং হায়দ্রাবাদ থেকে ইস্যুকৃত এক্সিট পারমিটের ভিত্তিতে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে তরুণীকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে তাকে যশোরের বেসরকারি উন্নয়ন সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। সংস্থাটি তাকে নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দেবে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, ২০২৪ সালে দালালের প্রলোভনে পড়ে ভালো কাজের আশায় ওই তরুণী অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে পুলিশের হাতে আটক হয়ে সাজাভোগের পর অবশেষে তিনি দেশে ফেরার সুযোগ পেলেন।
ভারতে সাজাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দিনাজপুরের তরুণী জারা ইসলাম। দালালের খপ্পরে পড়ে ২০২৪ সালে তিনি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। বর্তমানে তিনি এনজিওর হেফাজতে রয়েছেন।


0 মন্তব্যসমূহ