ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত একটি সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে এই হামলার ঘটনা ঘটে। এতে অন্তত চারজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনীম যখন মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে বিস্ফোরণটি ঘটানো হয়। ওই সময় সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণে আহত চারজনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এদিকে হামলার ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাভার মডেল থানার সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা এই হামলার সুষ্ঠু তদন্ত এবং নেতাকর্মীদের নিরাপত্তার দাবি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।
সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে ককটেল বিস্ফোরণে ৪ জন আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।


0 মন্তব্যসমূহ