কক্সবাজারের পেকুয়ায় ৮ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লাইনের শিরা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি তার বাড়ি থেকে নানার বাড়িতে যাওয়ার পথে প্রতিবেশী আব্দুল করিম তাকে ফুসলিয়ে নিজের নির্জন বাড়িতে নিয়ে যান। আব্দুল করিম ওই এলাকার নবী হোসেনের ছেলে এবং পেশায় একজন সিএনজি চালক। ঘটনার সময় করিমের পরিবারের সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে থাকায় বাড়িটি খালি ছিল। সেই সুযোগে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। শিশুটি চিৎকার শুরু করলে করিম তার মুখ ও গলা চেপে ধরেন এবং একপর্যায়ে শিশুটির একটি দাঁত উপড়ে ফেলেন। পরে শিশুটি করিমের হাতে কামড় দিয়ে কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়।
শিশুটির নানি জানান, রক্তাক্ত ও ভীত অবস্থায় শিশুটি তার কাছে পৌঁছালে তাকে দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোজাম্মেল হোসেন জানান, শিশুটির গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার একটি দাঁত পড়ে গেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
পেকুয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল করিম শিশুটির একটি দাঁত উপড়ে ফেলেছে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


0 মন্তব্যসমূহ