দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘আন্তবিশ্ববিদ্যালয় আইডিয়া কম্পিটিশন’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ (আইস) সেন্টার ‘ক্রিয়েটিভ বাংলাদেশ’ প্রকল্পের অধীনে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (ওএসএল) বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘স্ট্র্যাটেজিক অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ লিডারশিপ (সেল) সামিট’-এর সমাপনী অনুষ্ঠানে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
ওএসএল বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম। বাংলাদেশ সরকার ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) জিটুজি সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবন, সৃজনশীলতা ও যুব উদ্যোক্তা তৈরির অনুকূল পরিবেশ গড়ে তোলা।
এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন। নির্বাচিত দলগুলো ৩২০ ঘণ্টার একটি বিশেষ উদ্যোক্তা শিক্ষা কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে, যেখানে প্রশিক্ষণ ও মেন্টরিংয়ের মাধ্যমে তাদের ব্যবসায়িক ভাবনাকে টেকসই উদ্যোগে রূপ দিতে সহায়তা করা হবে।
আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর ২২ ও ২৩ জুলাই আইডিয়া উপস্থাপনা বা পিচিং অনুষ্ঠিত হবে। কৃষি, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, জলবায়ু ও ই-কমার্সসহ বিভিন্ন খাতের উদ্ভাবনী ধারণা নিয়ে আবেদনের আহ্বান জানানো হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের চাকরিপ্রত্যাশীর বদলে কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা ও উদ্ভাবননির্ভর প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে শুরু হয়েছে আন্তবিশ্ববিদ্যালয় আইডিয়া কম্পিটিশন। ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে এই প্রতিযোগিতায়।


0 মন্তব্যসমূহ