সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মো. ইজ্জত উল্লাহ হুশিয়ারি দিয়ে বলেছেন, সুশাসন নিশ্চিত করতে ব্যর্থ হলে এবং চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়ালে বিএনপি ও জামায়াতের পরিণতিও ভয়াবহ হবে। বুধবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, দেশের জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে। আওয়ামী লীগের পালানোর জায়গা থাকলেও বিএনপি ও জামায়াতের পালানোর কোনো পথ থাকবে না।
বাজেট প্রসঙ্গে মো. ইজ্জত উল্লাহ বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে, যেখানে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। তবে বিগত বছরগুলোর অভিজ্ঞতায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব বলে তিনি মনে করেন। তার মতে, কার্যকর ঘাটতি প্রায় ৩ লাখ কোটি টাকায় দাঁড়াবে। তিনি আরও জানান, ২০০৯ সালে দেশের মোট ঋণ ছিল ২ লাখ ৭৬ হাজার ৮৩০ কোটি টাকা, যা ২০২৬ সালে এসে ৩০ লাখ কোটি টাকায় পৌঁছেছে। এই ঋণের সুদ মেটাতেই এ বছর ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ব্যয় করতে হবে।
ব্যাংকিং খাতের দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, ২০২৬ সালের মার্চ পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। ব্যাংকগুলো ঋণ দিতে না পারায় সরকার টাকা ছাপিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, যা মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিচ্ছে। তিনি সরকারকে অসহিষ্ণু না হয়ে বিরোধী দলের গঠনমূলক সমালোচনা গ্রহণ করার এবং জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
সুশাসন দিতে না পারলে এবং দুর্নীতিতে জড়ালে বিএনপি-জামাতের পালানোর পথ থাকবে না বলে সতর্ক করেছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জত উল্লাহ। বাজেটের ওপর আলোচনায় তিনি এই হুশিয়ারি দেন।



0 মন্তব্যসমূহ