চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪৯ কোটি ৩০ হাজার ৩৪২ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে পৌর প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আশরাফুল আলম রাসেল।
বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক জানান, একটি উন্নত ও আধুনিক জীবননগর গড়ার লক্ষ্য নিয়ে টেকসই ও অংশগ্রহণমূলক এই বাজেট প্রণয়ন করা হয়েছে। নাগরিক সেবা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করার বিষয়টিকে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতে ৩ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা আয় এবং ৩ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৩৫২ টাকা ব্যয় ধরা হয়েছে। রাজস্ব খাতে ৪ লাখ ১৬ হাজার ৬৪২ টাকা প্রারম্ভিক জেরসহ বছর শেষে ৯ লাখ ২২ হাজার ২৯০ টাকা উদ্বৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে। আয়ের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে স্থাবর সম্পত্তি হস্তান্তর থেকে ১ কোটি ৮ লাখ টাকা, গৃহ ও ভূমি কর থেকে ৮২ লাখ টাকা, হাট-বাজার ইজারা থেকে ৪৮ লাখ টাকা এবং ব্যবসা ও কলিং লাইসেন্স থেকে ৩২ লাখ টাকা। অন্যদিকে, রাজস্ব ব্যয়ের বড় একটি অংশ অর্থাৎ ১ কোটি ২০ লাখ ১৮ হাজার ৩৫২ টাকা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে বরাদ্দ রাখা হয়েছে।
উন্নয়ন খাতে ৪৫ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা আয় ও সমপরিমাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে। উন্নয়ন বাজেটের আওতায় আরইউডিটিপি, কোভিড-১৯ মোকাবিলা এবং টেকসই নগর অবকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়া পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, রাস্তাঘাট মেরামত ও স্ট্রিট লাইট স্থাপনেও বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জীবননগর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আতিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, উপজেলা প্রকৌশলী আল আমিন, পৌরসভা পরিচালনা কমিটির সদস্য নৃপেন্দ্রনাথ বিশ্বাস এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। বাজেটের বিস্তারিত বিবরণ তুলে ধরেন পৌরসভার হিসাব রক্ষক আবুল কালাম আজাদ।
পৌর প্রশাসক আশরাফুল আলম রাসেল বলেন, এই বাজেট কেবল সংখ্যার হিসাব নয়, এটি পৌরসভার ভবিষ্যৎ উন্নয়নের একটি রূপরেখা। একটি সুন্দর পৌরসভা উপহার দিতে তিনি সাধারণ মানুষের সহযোগিতা ও সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪৯ কোটি ৩০ হাজার ৩৪২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধিতে এই বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।



0 মন্তব্যসমূহ