কক্সবাজার ফিল্ম সোসাইটির উদ্যোগে পর্যটন নগরীতে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী। ‘কক্সস বাজার টকিজ’ শীর্ষক এই আয়োজনটি আগামী ৫ ও ৬ জুন কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনটি করে মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, সাধারণ দর্শকদের জন্য টিকিটের মূল্য ১০০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। একটি টিকিট সংগ্রহ করলে ওই দিনের নির্ধারিত তিনটি চলচ্চিত্রই দেখার সুযোগ পাবেন দর্শকরা। টিকিটগুলো অনলাইন এবং অনুষ্ঠানস্থল—উভয় জায়গা থেকেই সংগ্রহ করা যাবে।
উৎসবের প্রথম দিন অর্থাৎ ৫ জুন দুপুর ৩টায় মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’ প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর সন্ধ্যা ৬টায় শাহীন দিল-রিয়াজ পরিচালিত ‘রাকিব খান: দ্য প্রজেকশনিস্ট’ এবং সন্ধ্যা ৭টায় মোহাম্মদ তাওকীর ইসলাম নির্মিত ‘দেলুপি’ প্রদর্শিত হবে।
দ্বিতীয় দিন ৬ জুন দুপুর ৩টায় প্রদর্শিত হবে ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’। বিকেল সাড়ে ৫টায় দেখানো হবে ফজলে রাব্বি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ইটারনাল জার্নি’। উৎসবের সমাপনী প্রদর্শনী হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টায় তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রটি দেখানো হবে।
কক্সবাজারে ৫ ও ৬ জুন অনুষ্ঠিত হবে চলচ্চিত্র প্রদর্শনী কক্সবাজার টকিজ। পাবলিক লাইব্রেরিতে প্রতিদিন তিনটি করে মোট ছয়টি সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকরা। টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন ও ভেন্যুতে।


0 মন্তব্যসমূহ