মুন্সিগঞ্জের গজারিয়ায় এক কলেজছাত্রকে অপহরণের পর শারীরিক নির্যাতন ও জোরপূর্বক মাদক সেবন করিয়ে ভিডিও ধারণের প্রতিবাদে সরব হয়েছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া থানার সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির মেধাবী ছাত্র মো. রেদোয়ান আহমেদ হিমেলকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা তাকে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। একপর্যায়ে তাকে বাধ্য করে মাদক সেবন করানো হয় এবং সেই দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়। এই ঘটনায় হিমেলের পরিবারের পক্ষ থেকে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জুন সন্ধ্যায় পরীক্ষার ফলাফল জানতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন হিমেল। পথিমধ্যে উপজেলার আব্দুল্লাহপুর ও পুরান বাউশিয়া এলাকার তিন রাস্তার মোড় থেকে কয়েকজন যুবক তার পথরোধ করে তাকে তুলে নিয়ে যায়। নির্জন স্থানে নিয়ে তাকে মারধরের পাশাপাশি মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে মাদকসহ ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
সহপাঠীর ওপর এমন অমানবিক আচরণের তীব্র নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিজন বাড়ৈ জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
মুন্সিগঞ্জের গজারিয়ায় কলেজছাত্র হিমেলকে অপহরণ ও মাদক খাইয়ে ভিডিও ধারণের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।



0 মন্তব্যসমূহ