জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকায় ঐতিহাসিক গণমিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বারিধারায় ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ সেলিম উদ্দিন অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে জুলাই বিপ্লব নিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় বসার পর তার ঠিক বিপরীত অবস্থানে চলে গেছে। তিনি আরও বলেন, জুলাই কেবল একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে এক শক্তিশালী হুংকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। এই ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া জরুরি।
এ সময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ৩৬ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—১ থেকে ১০ জুলাই পর্যন্ত গ্রাফিতি অঙ্কন, ১১ থেকে ১৬ জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়, এবং ১৭ থেকে ৩০ জুলাই পর্যন্ত শাহাদাতের ঘটনাস্থলগুলোতে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী। এছাড়া ২৪ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, ৩১ জুলাই মসজিদে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত ওলামা, শ্রমিক ও মহিলা সমাবেশের আয়োজন করা হবে। সবশেষে ৫ আগস্ট জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হবে।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট রাজধানীতে গণমিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার এক সংবাদ সম্মেলনে ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন দলটির নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন।



0 মন্তব্যসমূহ