বাংলাদেশের টেলিকম ও ডিজিটাল খাতের উন্নয়নে ১০০ কোটি ডলার বা প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন গ্রুপ। সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে ‘এখনই বাংলাদেশে বিনিয়োগ করুন’ শীর্ষক প্রচারণার মাধ্যমে এই বিশাল বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভিওন গ্রুপের চেয়ারম্যান অগি কে, ফাবিলার নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বৈঠকে তারা বাংলাদেশে বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রতিনিধিদলের সদস্যরা জানান, টেলিকম ও ডিজিটাল ব্যাংকসহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব।
বৈঠকে ভিওনের পক্ষ থেকে বাংলাদেশের ভবিষ্যৎ ডিজিটাল অর্থনীতির একটি রূপরেখা উপস্থাপন করা হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তায় ব্যাংকিং খাতের ডিজিটাল সেবা ও ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন ক্ষেত্রে সেবার পরিধি বাড়ানোর সুযোগ রয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে ভিওনের নেতৃত্বে ১০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ নেওয়া যেতে পারে, যার মধ্যে ভিওন নিজেই ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে। এই অর্থ মূলত ডিজিটাল অবকাঠামো নির্মাণ, মোবাইল ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ব্যয় করার পরিকল্পনা রয়েছে।
উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন টেলিযোগাযোগমন্ত্রী মাহবুব আনাম ফকির, টেলিযোগাযোগবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওন পরিচালক মাইকেল সুটিং, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জন বুশ এবং করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান তাইমুর রহমান।
উল্লেখ্য যে, এর আগে ভিওন গ্রুপ সরকারি মোবাইল অপারেটর টেলিটক এবং মোবাইল ফিন্যান্সিং প্রতিষ্ঠান নগদ কেনার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছিল। বর্তমানে বাংলাদেশে বাংলালিংকের মাধ্যমে প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৫০ কোটি ডলারে।
বাংলাদেশের টেলিকম ও ডিজিটাল খাতে ১২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বাংলালিংকের স্বত্বাধিকারী ভিওন গ্রুপ। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে এই পরিকল্পনার কথা জানান ভিওন চেয়ারম্যান অগি কে, ফাবিলা।



0 মন্তব্যসমূহ