সিলেট নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সরকারকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করার পর দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান। শুক্রবার সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এই দুঃখপ্রকাশ করেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার জ্বালানি তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। উক্ত সমাবেশে বক্তব্য প্রদানকালে মাওলানা হাবিবুর রহমান বর্তমান সরকারকে উদ্দেশ্য করে সিলেটি আঞ্চলিক ভাষায় একটি আপত্তিকর শব্দ ব্যবহার করেন। তার বক্তব্যের এই অংশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সমালোচনার মুখে মাওলানা হাবিবুর রহমান তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন যে, সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তার শব্দ চয়ন সঠিক ছিল না। এতে তার শুভাকাঙ্ক্ষীসহ অনেকেই ব্যথিত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
সিলেটে বিক্ষোভ সমাবেশে সরকারকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার একদিন পর দুঃখ প্রকাশ করেছেন জেলা জামায়াত আমির মাওলানা হাবিবুর রহমান। শব্দ চয়ন ঠিক হয়নি বলে ফেসবুকে জানান তিনি।



0 মন্তব্যসমূহ