Recents in Beach

ব্রেকিং নিউজ

শালিক রেস্তোরাঁর মালিকের ছেলের ছুরিকাঘাতে দম্পতি গুরুতর আহত, এলাকায় আতঙ্ক |

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরের বাহারছড়া পিটিআই এলাকায় চাঞ্চল্যকর এক হামলার ঘটনা ঘটেছে। শালিক রেস্তোরাঁ ও হোটেলের মালিক নাছির উদ্দিনের অপহরণ কাণ্ড নিয়ে যখন এলাকায় উত্তেজনা বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তেই তার পুত্র হাসানের নেতৃত্বে এক নৃশংস হামলার খবর পাওয়া গেছে। হামলায় বাহারছড়া এলাকার বাসিন্দা মো. নুর ( প্রকাশ মান নুর) এবং তার স্ত্রী শাহিনা বেগম গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাছিরের অপহরণ নিয়ে এলাকায় চলমান অস্থিরতার মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাছিরের ছেলে হাসান ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে মো. নুরের ওপর ঝাঁপিয়ে পড়ে। হাসান নিজেই ছুরিকাঘাত করে নুরকে রক্তাক্ত করে। এ সময় স্বামীকে বাঁচাতে স্ত্রী শাহিনা এগিয়ে এলে তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। দুজনের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিনার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শালিক রেস্তোরাঁর মালিক নাছির উদ্দিনের বিতর্কিত কর্মকাণ্ড এবং তার বাহিনীর বেপরোয়া আচরণে অতিষ্ঠ হয়ে পড়েছে বাহারছড়া ও সংলগ্ন এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ, নাছির ও তার ছেলের এই 'সন্ত্রাসী কর্মকাণ্ড' এখনই দমানো না গেলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত হাসানের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি উঠেছে।এলাকাবাসী এই সন্ত্রাসী বাহিনীর দৌরাত্ম্য বন্ধে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ ও সাঁড়াশি অভিযানের জোরালো দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ