যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের বিজয়ী করতে বিপুল অর্থ বিনিয়োগ করেছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। তবে নির্বাচনে দলটির বড় ধরনের পরাজয়ের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক নির্বাচনী পোস্ট মুছে ফেলেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থী ও তাদের সমর্থক রাজনৈতিক সংগঠনগুলোর পেছনে প্রায় ৪৫ কোটি ৮০ লাখ ডলার খরচ করেছিলেন ইলন মাস্ক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৭১০ কোটি টাকা। ইলন মাস্কের সরিয়ে নেওয়া পোস্টগুলোর মধ্যে গত ২৯ অক্টোবর প্রকাশিত একটি বার্তা ছিল, যা তার এক্স অ্যাকাউন্টের শীর্ষে পিন করা ছিল। সেখানে মার্কিন ভোটারদের রিপাবলিকান সিনেট প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। তবে ৩ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের বড় ধাক্কা খাওয়ার পর এবং টেক্সাসের গুরুত্বপূর্ণ সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জেমস টলারিকোর কাছে পরাজিত হওয়ার পর পোস্টটি আর দেখা যায়নি। কেন প্যাক্সটনের প্রচারেও বড় অঙ্কের অর্থ সহায়তা দিয়েছিলেন ইলন মাস্ক। নির্বাচনের ফলাফল প্রকাশের পর এক্স ব্যবহারকারীরা ইলন মাস্কের পোস্ট সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন। তার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রকও পোস্ট মুছে ফেলার সত্যতা নিশ্চিত করেছে। গ্রকের তথ্যমতে, রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ইলন মাস্ক তার 'Vote red today!' বার্তাটি সরিয়ে নিয়েছেন। নির্বাচন শেষ হওয়ার পর এক্সে দেওয়া এক ব্যঙ্গাত্মক মন্তব্যে ইলন মাস্ক লেখেন, মনে হচ্ছে তার নির্বাচন-প্রভাবিতকারী মহাকাশ লেজারগুলো এবার কাজ করেনি। ইলন মাস্কের রাজনৈতিক ব্যয়ের বড় একটি অংশ ব্যয় হয়েছে তার নিজস্ব সুপার প্যাক 'আমেরিকা প্যাক'-এ। এর বাইরে রিপাবলিকানদের পক্ষে কাজ করা 'সিনেট লিডারশিপ ফান্ড' এবং 'কংগ্রেশনাল লিডারশিপ ফান্ডেও' বড় অঙ্কের অনুদান দিয়েছিলেন তিনি। তবে দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণে ইলন মাস্কের মোট রাজনৈতিক অনুদান ৪৭ কোটি ৪০ লাখ ডলার বলে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক ময়দানে এই বিপর্যয়ের পাশাপাশি আর্থিক বাজারেও বড় ধাক্কার মুখে পড়েছে ইলন মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্য। ডেমোক্র্যাটদের বিজয়ের পর যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নির্মাণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের পর টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দর উল্লেখযোগ্যভাবে কমেছে এবং ফরচুন-এর প্রতিবেদন অনুসারে নির্বাচনের পরের দুই দিনে ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ১১৩ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর এক্স থেকে নির্বাচনী পোস্ট মুছে ফেলেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। নির্বাচনে দলের প্রার্থীদের পেছনে বিপুল অর্থ ব্যয় করলেও পরাজয়ের পর তার ব্যবসায়িক সাম্রাজ্যেও বড় ধাক্কা লেগেছে।



0 মন্তব্যসমূহ