নিজ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই আগুনের কারণ হিসেবে শর্ট সার্কিট এবং বাড়িটিকে পরিত্যক্ত বলায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে দায়িত্বশীল ব্যক্তিদের আগাম বক্তব্য তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদে নিজ বাড়িতে আগুন দেওয়ার ঘটনার বর্ণনা দিয়ে নুসরাত তাবাসসুম জানান, সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের মতো ঘটনায় আকাশ লাল হয়ে ওঠা এবং একই সময়ে বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। তাঁর দাবি, সিসিটিভি ফুটেজে দেয়ালের লাইট জ্বলতেও দেখা গেছে এবং বাড়িটি পরিত্যক্ত ছিল না। তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা দায়িত্বশীল ব্যক্তিদের এমন মন্তব্য করা উচিত নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে মিল রেখে অধস্তন কর্মকর্তারা তদন্ত প্রতিবেদন তৈরি করলে প্রকৃত অপরাধীরা দায়মুক্তি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দায় স্বীকার এবং তাঁকে হত্যার হুমকির বিষয়টিও সংসদে তুলে ধরেন এই সংসদ সদস্য। পাশাপাশি তিনি অভিযোগ করেন, দিনের বেলায় ককটেল হামলার ঘটনাকে রাতের ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। পরে নুসরাত তাবাসসুমের বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না এবং ঘটনার দিন তিনি কোনো চূড়ান্ত মন্তব্যও করেননি। সেদিন যা বলা হয়েছিল, তা ছিল প্রাথমিক ধারণা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার দিন সকালেই তিনি ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেন এবং বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রভাবিত করার অভিযোগ নাকচ করে তিনি বলেন, তিনি কিংবা সংসদের কোনো সদস্য তদন্ত প্রভাবিত করার উদ্দেশ্যে বক্তব্য দেন না। এ সময় তিনি নুসরাতের বক্তব্য থেকে প্রভাবিত করতে পারে শব্দগুলো এক্সপাঞ্জ করার আহ্বান জানান। জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, কোনো সংসদ সদস্যের মনে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে, এটি অসংসদীয় বক্তব্য নয়। স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তদন্তের ব্যবস্থা নিয়েছেন, তাই তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করার পাশাপাশি নুসরাত তাবাসসুমকে ধৈর্য ধরার আহ্বান জানান স্পিকার।
নিজ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই শর্ট সার্কিট ও পরিত্যক্ত বলে প্রচার করায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না।



0 মন্তব্যসমূহ