তৈরি পোশাক খাতের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণ এবং সুপারিশ প্রণয়নের লক্ষ্যে স্থগিত হওয়া তৃতীয় সভা আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। রাজধানী সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে সকাল ১১টা ৩০ মিনিটে এ সভা শুরু হবে। গত ১৭ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। আজকের সভায় দুটি মূল বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং এই খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা। সংশ্লিষ্ট সব বোর্ড সদস্যকে নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এর আগে গত ১৬ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ওই বৈঠকে মালিকপক্ষের মজুরি প্রস্তাবনা জমা দেওয়ার কথা ছিল। এর ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় বৈঠকে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব তুলে ধরেছিল শ্রমিকপক্ষ। তবে সেদিন তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য বোর্ডের কাছে সময় চেয়েছিল মালিকপক্ষের প্রতিনিধিরা। পরবর্তীতে বোর্ড তাদের চার কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করে দেয়।
পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে স্থগিত থাকা তৃতীয় সভা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এই সভা হওয়ার কথা রয়েছে।



0 মন্তব্যসমূহ