সংকীর্ণ দলীয়করণ বন্ধ করে সম্পূর্ণ মেধার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন। সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। দলীয়করণের মাধ্যমে জাতিকে মেধাশূন্য করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অযোগ্য ও অদক্ষদের দলীয় বিবেচনায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব দেওয়ার কারণে তারা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্রকে গিলে খাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে মেধার ভিত্তিতে রাষ্ট্র গঠনের কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান। জাতির সবচেয়ে বড় সমস্যা দুর্নীতির জঞ্জাল উল্লেখ করে মোহাম্মদ কামাল হোসেন বলেন, দুর্নীতিমুক্ত নেতৃত্বের সংকটের কারণে জাতি বারবার প্রতারণার শিকার হয়েছে। সরকারি প্রতিষ্ঠানসংক্রান্ত কমিটির একজন সদস্য হিসেবে দুর্নীতির ভয়াবহ চিত্র খুব কাছ থেকে দেখার কথা জানিয়ে তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের অডিটে ৫২৪টি অডিট আপত্তি বা অবজেকশন রয়েছে। এই আপত্তিগুলোর বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে গত দুই বছরে মাত্র একটি আপত্তি নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। একটি আপত্তি নিষ্পত্তি করতে যদি দুই বছর সময় লাগে, তবে বাকি ৫২৩টি আপত্তি সলভ করতে ১ হাজার ৪৬ বছর সময় লাগবে বলে মন্তব্য করেন তিনি। অডিট আপত্তির হাজার হাজার কোটি টাকা ফাইলবন্দী হয়ে বছরের পর বছর পড়ে আছে উল্লেখ করে তিনি বলেন, হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় (সিএজি) দেশকে এখনো পাঁচ বছর পিছিয়ে রেখেছে। প্রতিটি অডিট আপত্তি ২০২০ ও ২০২১ সালের উল্লেখ করে তিনি বলেন, ক্যালেন্ডারের পাতায় ২০২৬ সাল শেষ হতে চললেও দেশ এখনো পাঁচ বছর পেছনের অডিট নিয়ে কাজ করছে। এই বাস্তবতায় দেশ কীভাবে এগিয়ে যাবে—এমন প্রশ্ন রেখে তিনি বলেন, রাষ্ট্র থেকে দুর্নীতি নির্মূল না করা হলে সার্বিক অগ্রগতি অর্জন অসম্ভব। পরিশেষে, একটি দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অগ্রণী ভূমিকা পালনের তাগিদ দেন এই সংসদ সদস্য। অনুষ্ঠান শেষে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ জকসুর ভিপি রিয়াজুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
দলীয়করণ ও দুর্নীতির কারণে দেশ পিছিয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি মেধার ভিত্তিতে রাষ্ট্র গঠন এবং দুর্নীতি দূর করার আহ্বান জানান।



0 মন্তব্যসমূহ