নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি জানান, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বয়স্ক ও প্রতিবন্ধী সহায়তা এবং ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের বেতন ভাতাসহ সামাজিক সুরক্ষার সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ২৯ অক্টোবর বিকেলে নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নে একটি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন আরও বলেন, বর্তমান প্রশাসন জনকল্যাণে একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। জনগণের সঙ্গে প্রতারণা করা হয় না বলেই জনগণ বারবার দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করে উল্লেখ করে তিনি জানান, বিএনপি পেছনের দরজা দিয়ে নয়, বরং প্রতিবারই জনগণের প্রত্যক্ষ রায়ে ক্ষমতায় এসেছে। বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ গুম, খুন, নিপীড়ন, লুটপাট ও দুর্নীতি চালিয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে দলটি নিষিদ্ধ হয়েছে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বর্তমানে দলটির দোসর ও প্রেতাত্মারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র করছে বলে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে এই নেতা বলেন, চাঁদাবাজি, ভূমিদস্যুতা বা অন্যায়ের সঙ্গে দলের কেউ জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক, দলীয় পরিচয় বিবেচনা না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, বিজি রশিদ নওশের, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকান বাদশা, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এবং আলোকবালি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জয়নাল আবেদিন সরকারসহ অন্যান্যরা।
নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি নরসিংদীতে এক অনুষ্ঠানে মাদক ও সন্ত্রাসে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।



0 মন্তব্যসমূহ