তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। এর আগে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া, এর কর্মপরিধি, সময়সীমা এবং কোন সার্চ বডি বা ইলেকশন কমিটির মাধ্যমে এটি গঠিত হলে তা বিতর্কিত হবে না, সে বিষয়গুলো গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এছাড়া জাতীয় সংসদে এই বিল উত্থাপনের পর বিতর্কের সময় আরও নানা পরামর্শ ও প্রস্তাব আসার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বিশেষ কমিটি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি, শিক্ষক সমাজ ও সম্পাদকমণ্ডলীসহ বিভিন্ন মহলের কাছ থেকে অসংখ্য প্রস্তাব পাওয়া গেছে। এসব প্রস্তাব একত্রিত করে কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে। অন্যদিকে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নির্ধারণ সংক্রান্ত প্রস্তাব ও চিন্তাভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রাপ্ত সকল প্রস্তাব পরবর্তীতে চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।



0 মন্তব্যসমূহ