শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে স্লোগানকে সামনে রেখে গাজীপুরের একটি রিসোর্টে সম্পন্ন হয়েছে ডিবিএল সিরামিকস ও ব্রাইট সিরামিকসের তিন দিনব্যাপী বিজনেস কনফারেন্স ২০২৬। দেশের নানা প্রান্ত থেকে ডিলার, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার এবং সহকর্মীরা এই সম্মেলনে যোগ দিয়ে বিগত দিনের অর্জন পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করেন। সম্মেলনের দ্বিতীয় দিনে মূল আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয় বিজনেস কনফারেন্স এবং গালা নাইট। এতে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, ডিবিএল সিরামিকসের হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, ব্রাইট সিরামিকসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সেলস মো. সোহেল রানা তালুকদার, এছাড়া গ্রুপের পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং বিভিন্ন অঞ্চলের ডিলার ও ব্যবসায়িক অংশীদারেরা। আলোচনায় বাজারের পরিবর্তন, গ্রাহকের চাহিদা, ব্যবসায়িক অগ্রগতি এবং গ্যাসসংকট, ব্যয়বৃদ্ধি, রাজনৈতিক অনিশ্চয়তা, সরবরাহের চাপ ও প্রতিযোগিতার মতো বিগত বছরের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যবসা এগিয়ে নেওয়ার দিকগুলো উঠে আসে। ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের কঠিন সময়ে পাশে থাকা এবং প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখার জন্য ডিলার পার্টনারদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। গালা নাইট পর্বে সেরা ও সম্ভাবনাময় ডিলার, আঞ্চলিক ডিলার, বিক্রয়কর্মী এবং কারখানা ও সহায়ক দলের সদস্যদের সম্মাননা জানানো হয়। পাশাপাশি ডিলারদের ফিডব্যাক পর্ব, সাংস্কৃতিক পরিবেশনা, নৈশভোজ, ফুটবল ম্যাচ ও দলীয় বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হয়। সমাপনী দিনে অংশগ্রহণকারীরা রিসোর্টে সময় কাটানোর পাশাপাশি কারখানা পরিদর্শন করেন।
গাজীপুরে শেষ হলো ডিবিএল ও ব্রাইট সিরামিকসের তিন দিনের বিজনেস কনফারেন্স ২০২৬। সম্মেলনে বিগত বছরের অর্জন পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।



0 মন্তব্যসমূহ