আওয়ামী লীগ এখন মাটির নিচে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সংক্ষিপ্ত সফরে এসে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, আগের সরকারের আমলে শত শত কোটি টাকার ঋণ রেখে যাওয়া হয়েছে এবং জনগণের ঘাড়ের ওপর মাথাপিছু ৩৫ হাজার কোটি টাকার বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের সহযোগিতায় দেশ পরিচালনা করছে উল্লেখ করে মন্ত্রী জানান, কড্ডা থেকে জামতৈল পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজের টেন্ডার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং প্রক্রিয়া শেষ হলে দ্রুত কাজ শুরু হবে। বৈশ্বিক জ্বালানি সংকট প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, যেসব দেশ থেকে জ্বালানি তেল, গ্যাস ও পেট্রোল আমদানি করা হয় সেখানে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সৌদি আরবের তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। এই সংকটের মাঝেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার চড়া দামে বিদেশ থেকে গ্যাস আমদানি করছে বলে জানান তিনি। দায়িত্ব নেওয়ার সময় গ্যাসের দাম ১২ ডলার থাকলেও বর্তমানে তা বেড়ে ৩২ ডলারে দাঁড়িয়েছে এবং গত কয়েক মাসে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। এভাবে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত থাকলে রাস্তাঘাট নির্মাণ, ফ্যামিলি কার্ড বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নের মতো সামাজিক প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে বলে সতর্ক করেন তিনি। বিগত সরকারের আমলে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি দাবি করে মন্ত্রী বলেন, একটি সেতু নির্মাণ করতে গিয়ে দেশের ব্যাংক খাতকে দুর্বল করা হয়েছে এবং ঢাকা-ময়মনসিংহ বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১০ মাসের মধ্যে সেই কাজ সম্পন্ন করায় ময়মনসিংহে লোডশেডিং কমেছে বলে জানান তিনি। এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয় ও নিজস্ব উৎপাদনে জোর দিয়ে তিনি ঘরে ঘরে সোলার প্যানেল স্থাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান এবং এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।



0 মন্তব্যসমূহ