দেশের শিক্ষার্থীদের বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্রীয় গুরুত্ব সম্পর্কে অবহিত করতে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দেশের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে। এই উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রণীত এই নীতিমালার বিষয়ে গত বুধবার দেশের সব মাদ্রাসাগুলোকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষর করা এই নির্দেশনাটি সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের কাছে পাঠানো হয়েছে এবং পরিদর্শনের জন্য নির্ধারিত নিয়মাবলি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। নতুন এই নীতিমালা অনুযায়ী, বঙ্গভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীরা মোট দেড় ঘণ্টা সময় পাবে। এই নির্ধারিত সময়ে তারা বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রমভিত্তিক ভিডিও প্রদর্শনী দেখার পাশাপাশি তোশাখানা জাদুঘর, মূল ভবনের সামনে ফটোসেশন, এয়ার রেইড সেল্টার এবং হরিণ পার্ক ঘুরে দেখতে পারবে। পরিদর্শনের সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের সকাল ১০টায় বঙ্গভবনে প্রবেশ করতে হবে। নীতিমালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দলের আকারও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ জন এবং সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী এই ভ্রমণে অংশ নিতে পারবেন। তাঁদের সঙ্গে সার্বিক তত্ত্বাবধানে থাকবেন তিন থেকে চারজন শিক্ষক প্রতিনিধি। এছাড়া বঙ্গভবন পরিদর্শনে অংশ নেওয়া সব শিক্ষার্থীকে নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক বা ইউনিফর্ম পরে আসতে হবে। রাষ্ট্রপতির কার্যালয়ের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানের সাংবিধানিক ভূমিকা, কার্যক্রম এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে সরাসরি ধারণা লাভ করার সুযোগ পাবে।
তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বঙ্গভবন পরিদর্শনের সুযোগ করে দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। এসংক্রান্ত নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম মেনে বঙ্গভবন ঘুরে দেখতে পারবে।



0 মন্তব্যসমূহ