হরমুজ প্রণালিতে ইরানের কেশম দ্বীপের দক্ষিণ দিক থেকে যুক্তরাষ্ট্রের আরও দুটি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (০৩ নভেম্বর) দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি প্রয়োগ করে যুক্তরাষ্ট্রের দুটি এমকিউএম-১৭০ ড্রোন অকার্যকর করে দিয়েছে। এ নিয়ে ইরানের বাহিনীর হাতে এ ধরনের মোট চারটি ড্রোন আটক বা ভূপাতিত করার দাবি করা হলো। তাসনিমের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইরানি এই অভিযানের কারণে ড্রোন দুটি তাদের নির্দিষ্ট মিশন সফলভাবে সম্পন্ন করতে ব্যর্থ হয়। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। এর আগে গত সপ্তাহেও একই রকমের দুটি ঘটনার কথা জানিয়েছিল ইরান। গত শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছিল, কেশম দ্বীপের আকাশসীমায় ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ব্যবহার করে একটি এমকিউএম-১৭০ ড্রোন ভূপাতিত করেছে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স। তার আগের দিন হরমুজ প্রণালির পশ্চিম অংশে একই ধরনের আরেকটি ড্রোনের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল আইআরজিসির নৌবাহিনী। সে সময় তাদের পক্ষ থেকে দাবি করা হয় যে ড্রোনটি অক্ষত অবস্থায় অবতরণ করানো হয়েছে। যদিও গত বৃহস্পতিবারের ওই ঘটনার বিষয়ে ইরানের দাবি নাকচ করে দিয়েছিল মার্কিন সামরিক বাহিনী। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর জবাবে ইরানও ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা ও সম্পদ লক্ষ্য করে হামলা পরিচালনা করে। পরবর্তীতে এপ্রিলে উভয় পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর ১৮ জুন হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেও, প্রণালিটির নিরাপত্তা নিয়ে মতপার্থক্যের কারণে সেই চুক্তিটির বাস্তবায়ন থমকে রয়েছে।
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরও দুটি ড্রোন ভূপাতিত ও অকার্যকর করার দাবি জানিয়েছে ইরানের আইআরজিসি।



0 মন্তব্যসমূহ