গোপালগঞ্জকে কোনো বিচ্ছিন্ন জেলা হিসেবে দেখা হবে না এবং সেখানকার সাধারণ মানুষের জন্য এই এলাকাকে নিরাপদ করে তোলা হবে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী। সোমবার সকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। নিপুন রায় চৌধুরী বলেন, ভারত নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে। গোপালগঞ্জের সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতন চালিয়ে হিন্দু সম্প্রদায় ভালো নেই, সেটি প্রমাণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি বলেন, তারেক রহমান এই দেশের নির্বাচিত সরকার এবং তিনি দেশের জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিজের কাঁধে তুলে নিয়েছেন। তাই কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না জানিয়ে তিনি শান্তি ও ঐক্যের ওপর জোর দেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী হোসেন, সদস্য সচিব মাহবুব আলম মামুন, থানা স্বেচ্ছাসেবক দল সভাপতি সোহেল রানা, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আবু জাহিদ মামুন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা এবং গার্মেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেনসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গোপালগঞ্জ কোনো বিচ্ছিন্ন জেলা নয় এবং সাধারণ মানুষের জন্য এলাকাটি নিরাপদ করা হবে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী।



0 মন্তব্যসমূহ