শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক বায়েজিদ কোতোয়ালকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই এলাকায় বায়েজিদ কোতোয়ালকে দেখতে পেয়ে সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে মারধর করেন। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ তাকে রাজনৈতিক মামলায় আটক দেখিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। চিকিৎসা শেষে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ৯৯৯-এ কলের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেছে। এরপর প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করে একটি রাজনৈতিক মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা বায়েজিদ কোতোয়ালকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে চিকিৎসা শেষে তাকে রাজনৈতিক মামলায় আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



0 মন্তব্যসমূহ