দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা এবং বেকারত্ব নিরসনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়। এর আগে নগরীর মইজ্যারটেক এলাকা থেকে হাজারো চাকরিহারা কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যায়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবি সংবলিত প্লেকার্ড ছিল। স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না থেকেও তারা ও তাদের পরিবার বড় ধরনের ভুক্তভোগী হয়েছে। কোনো পূর্বঘোষণা ছাড়াই তাদের রুটি-রুজির মাধ্যম কলকারখানাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং মালিকপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি। শ্রমিক-কর্মচারীদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুরের সিদ্ধান্তের কারণে ব্যাংকগুলো নিয়মবহির্ভূতভাবে কারখানার লোন হিসাব বন্ধ করে দেয়। ফলে চলতি মূলধন ও কাঁচামাল সংকটে মালিকপক্ষ কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়। বর্তমান সরকারের আমলে বন্ধ কারখানা সচল করার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়ে তারা বলেন, ৫ আগস্টের আগে তাদের কোনো ঋণ খেলাপি ছিল না। স্মারকলিপিতে ৫ দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে এস আলম গ্রুপের বন্ধ হওয়া সব কারখানা অবিলম্বে খুলে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া, পূর্বে কর্মরত সব শ্রমিককে কাজে বহাল রাখা এবং কাউকে ছাঁটাই না করা, ব্যাংক হিসাব ও লোন সংক্রান্ত জটিলতা নিরসন করে পর্যাপ্ত চলতি মূলধন নিশ্চিত করা, রাজনৈতিক কারণে যেন কোনো শিল্প-কারখানা বন্ধ না হয় তা নিশ্চিত করা এবং এক সপ্তাহের মধ্যে সরকার, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আহ্বান করা। চাকরিচ্যুত শ্রমিক-কর্মকর্তাদের পক্ষে ফোরকান বাবু তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে কারখানা চালু ও বেকারত্ব নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। স্মারকলিপি গ্রহণের সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই শ্রমিক ও কর্মকর্তারা দক্ষ জনশক্তি এবং দেশের সম্পদ। তাদের কাজের সুযোগ সৃষ্টি হলে দেশের উপকার হবে এবং বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।
এস আলম গ্রুপের বন্ধ কারখানা চালু এবং হাজার হাজার শ্রমিকের বেকারত্ব নিরসনের দাবিতে চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।



0 মন্তব্যসমূহ