সিলেট অঞ্চলের চায়ের ঐতিহ্যকে আন্তর্জাতিক বাজারে আরও ছড়িয়ে দিতে মৌলভীবাজারে যাত্রা শুরু করেছে সিলেট টি- দ্য ব্রাগানজা ব্লেন্ড নামক নতুন প্যাকেজিং ইউনিট। পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবার হাউস অব ব্রাগানজার নাম এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ায় ইউরোপের বাজারে বাংলাদেশের চায়ের রপ্তানি ও পরিচিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। রোববার সকালে মৌলভীবাজারে চা-বাগানসংলগ্ন এলাকায় এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পর্তুগিজ রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যভিত্তিক লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন এবং বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প ইউনিটের পরিচালক মো. রফিকুল ইসলাম। স্থানীয় চায়ের সঙ্গে আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে গঠিত এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের চা নতুনভাবে পরিচিতি পাবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা সিলেটের চা, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের আতিথেয়তায় মুগ্ধতার কথা জানান। তিনি বলেন, সিলেটের চায়ের গুণগত মান ও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং এই চাকে বিশ্বের সামনে তুলে ধরা তার দায়িত্ব। লন্ডন টি এক্সচেঞ্জের উদ্যোগে স্থাপিত এই প্যাকেজিং ইউনিটে চা প্যাকেজিং, টি টেস্টিং এবং ওয়্যারহাউস সুবিধা রাখা হয়েছে। লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান জানান, ১৪টি দেশ ইতিমধ্যে সিলেটের চা আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি আরও বলেন, চায়ে কোনো কৃত্রিম রং বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না এবং গুণগত মান নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার। বাংলাদেশের ১৭২টি চা-বাগানের মধ্যে ১৩৫টিই সিলেট অঞ্চলে অবস্থিত। বিশেষজ্ঞদের মতে, কাঁচা চা রপ্তানির পাশাপাশি নিজস্ব ব্র্যান্ডে ব্লেন্ডিং ও প্যাকেজিং করে বাজারজাত করলে পণ্যের মূল্য সংযোজন বাড়বে। মৌলভীবাজারের এই নতুন উদ্যোগের ফলে উৎপাদন এলাকা থেকে বাজারজাতকরণের প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ইউরোপের বাজারে সিলেটের চা পরিচিত করতে মৌলভীবাজারে চালু হলো সিলেট টি- দ্য ব্রাগানজা ব্লেন্ড প্যাকেজিং ইউনিট। পর্তুগিজ রাজপরিবারের সদস্যের উপস্থিতিতে এর উদ্বোধন করা হয়।



0 মন্তব্যসমূহ