গোপালগঞ্জ-২ সদর আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের ক্লিনিক ও রাজনৈতিক কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাত আটটার দিকে শহরের থানাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ওই এলাকায় এসে স্লোগান দেন এবং চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটান। এরপর তারা নিচতলায় অবস্থিত ক্লিনিক ও সংসদ সদস্যের কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালান। নিচতলার ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসকদের চেম্বারে ভাঙচুরের পাশাপাশি তিনটি চেয়ারসহ কিছু আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। ক্লিনিক সংশ্লিষ্টদের অভিযোগ, হামলাকারীরা এ সময় কিছু ওষুধ ও চিকিৎসাসামগ্রীও লুট করেন। পাঁচতলা এই ভবনের দোতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত রোগীদের কেবিন থাকলেও সেখানে হামলাকারীরা প্রবেশ করেননি। ভবনের কেয়ারটেকার খাইরুল ইসলাম জানান, ঘটনার সময় ক্লিনিকে তিনজন রোগী ও কয়েকজন নার্স চিকিৎসাধীন ও দায়িত্বে ছিলেন। ভাঙচুরের পর আতঙ্কিত হয়ে রোগী ও নার্সরা চলে যান, তবে কাউকে মারধর করা হয়নি। অন্যদিকে, একই উপজেলার কাশিয়ানী এলাকায় সাজাইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকান ভাঙচুর এবং রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
গোপালগঞ্জে সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের ক্লিনিক ও কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। একই উপজেলায় জামায়াত নেতার দোকান এবং বিএনপি নেতার বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।



0 মন্তব্যসমূহ