Recents in Beach

ব্রেকিং নিউজ

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে প্রতিফলিত করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে প্রতিফলিত করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা পেশাগত জীবনে কোনোভাবেই প্রতিফলিত করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ৪৫তম বিসিএস পুলিশ ও আনসার ক্যাডারে নতুন যোগদানকারী কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন। নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উচ্চপদস্থ চাকুরিতে প্রধান দায়িত্ব হলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং তা নিশ্চিত করার মাধ্যমে সার্বিক কার্যক্রম পরিচালনার অনুকূল পরিবেশ তৈরি করা। সমাজের নিরাপত্তা ও জনগণের স্বস্তি এসব কার্যক্রমে অনেকাংশে নির্ভর করে। চাকরিজীবনে সবসময় শৃঙ্খলা এবং সার্ভিস রুলস মেনে চলার পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনসম্মত নির্দেশ পালনের জন্য কঠোর নির্দেশনা দেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, পুলিশ ও আনসার অন্যান্য ক্যাডার সার্ভিসের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত সংঘাতপূর্ণ ও চ্যালেঞ্জিং পরিবেশে দায়িত্ব পালন করে। এ ক্ষেত্রে মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব এবং উপস্থিত বুদ্ধিমত্তা অত্যন্ত জরুরি। আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা প্রদর্শনের জন্য তিনি নবীন কর্মকর্তাদের আহ্বান জানান। একই সঙ্গে বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এবং কোনো অবস্থাতেই যাতে ক্ষমতার অপব্যবহার না হয়, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত আইজিপি ও অতিরিক্ত আইজিপি প্রশাসন এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। উল্লেখ্য, ৪৫তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে ৮০ জন এবং আনসার ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ক্যাডারে ৬৫ জন এবং আনসার ক্যাডারে ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।

সংক্ষেপে:
ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে প্রভাব ফেলতে পারবে না বলে নতুন কর্মকর্তাদের সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে প্রতিফলিত করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ