বিএনপি সাধারণ মানুষের দল এবং এখানে কোনো ধর্ম-বর্ণের ভেদাভেদ নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শারদীয় দুর্গাপূজা আনন্দ, শান্তি ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়ার জন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার তাগিদ দেন তিনি।
সমাজের দুস্থ, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব উল্লেখ করে তিনি জানান, প্রতিবন্ধী ব্যক্তি, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী এবং জটিল রোগে আক্রান্ত মানুষের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি কৃষকদের সহায়তা প্রদান এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সনাতন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, কৃষক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে SACP-RAINS প্রকল্পের আওতায় নবাবগঞ্জ উপজেলার ১ হাজার ৮০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সবজি বীজ, সার ও নেট বিতরণ করা হয়। কৃষকদের সবজি চাষে উৎসাহিত করা এবং কৃষি উৎপাদন বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়।
এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী শিক্ষার্থী, দুস্থ, অসহায়, অসুস্থ এবং গৃহহীন ব্যক্তিদের মধ্যে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদ্রোগ, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। এছাড়া সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, অসহায় মানুষের সহায়তা, কৃষির উন্নয়ন এবং যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিএনপি সাধারণ মানুষের দল এবং এখানে কোনো ধর্ম-বর্ণের ভেদাভেদ নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।



0 মন্তব্যসমূহ