বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা বাড়ানোর উদ্দেশ্যে কক্সবাজারে আয়োজিত পাঁচ দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। ডয়েচে ভেলে একাডেমির উদ্যোগে এবং কক্সবাজার প্রেস ক্লাবের সহযোগিতায় গত ৪ অক্টোবর শুরু হওয়া এই কর্মশালা বুধবার শেষ হয়। কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়া, উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকেরা এই প্রশিক্ষণে অংশ নেন। পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা, বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, সাংবাদিকতার নৈতিকতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মাইনুল ইসলাম খান ও মাফিয়া মুক্তা। প্রশিক্ষণে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ ও হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে সংবাদ সংগ্রহ এবং পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। বিশেষ করে সংকট বা সংঘাতের সময়ে ব্যবহৃত শব্দ চয়ন, সংবাদ উপস্থাপনের কৌশল, বিভিন্ন পক্ষের বক্তব্য গ্রহণ এবং তথ্যের সত্যতা যাচাইয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া কোনো সংবাদ যেন অনিচ্ছাকৃতভাবে বিদ্বেষ, বিভাজন বা উত্তেজনা বাড়িয়ে না দেয়, সে বিষয়েও সাংবাদিকদের সচেতন করা হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মমতাজ উদ্দিন বাহারী বলেন, একজন সাংবাদিককে আগে ভালো মানুষ হতে হবে এবং মানবিকতা ও সহমর্মিতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি থাকার ওপর তিনি গুরুত্বারোপ করেন। নুরুল ইসলাম হেলালী বলেন, এ ধরনের কর্মশালা সাংবাদিকদের নতুন কিছু শেখার সুযোগ তৈরি করে দেয় এবং তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান পেশাগত কাজে প্রয়োগ করার আহ্বান জানান। এদিকে অংশগ্রহণকারী সাংবাদিকেরা জানান, এই প্রশিক্ষণ বাস্তুচ্যুতি ও মানবিক সংকটের মতো সংবেদনশীল বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তাদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়তা করবে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, যাচাই এবং সংবাদ তৈরির সময় প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন তারা।
কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতার ওপর ডয়েচে ভেলে একাডেমির পাঁচ দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে।



0 মন্তব্যসমূহ