নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাকিতে সিগারেট না দেওয়ায় ইব্রাহীম খলিল (৪৫) নামের এক মুদি ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক সুমনের বিরুদ্ধে। এই ঘটনায় ওই ব্যবসায়ীর শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে এবং দোকানের মালামাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহিতপুর বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে সুমন সাহিতপুর বাজারে ইব্রাহীম খলিলের দোকানে গিয়ে বাকিতে সিগারেট দাবি করেন। ব্যবসায়ী বাকিতে সিগারেট দিতে অস্বীকার করায় সুমন ক্ষিপ্ত হয়ে তাঁর শরীর ও দোকানের বিভিন্ন পণ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ ইব্রাহীম খলিলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেন। পরে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে আটক করে। এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনার কেন্দুয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় মুদি ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
-6abf6ec42eefb.webp)


0 মন্তব্যসমূহ