বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত 'এ ডিপ্লোম্যাটিক ইভনিং-২০২৬' শীর্ষক নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড হলরুমে সোমবার এই নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন আমন্ত্রিত অতিথিরা। এই আয়োজনে বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত নারী কূটনীতিকরা বাংলাদেশ খেলাফত মজলিসের মহিলা উইং, নারীদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, সংসদ সদস্য হিসেবে তাঁর ভূমিকা এবং পর্দা পালনের পাশাপাশি রাজনৈতিক ও জনসেবামূলক দায়িত্ব পালনের সমন্বয় নিয়ে বিভিন্ন প্রশ্ন রাখেন। জবাবে প্রকৌশলী মাহবুবা হাকিম জানান যে, ইসলামী মূল্যবোধ, শালীনতা ও পর্দা বজায় রেখেই নারীরা শিক্ষা, নেতৃত্ব, জনসেবা এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারেন। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, এই মূল্যবোধ তাঁর সংসদীয় দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা তৈরি করেনি; বরং নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে দেশের নারীদের অধিকার, কল্যাণ এবং জাতীয় জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সংসদে তুলে ধরার পথকে আরও শক্তিশালী করেছে। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত কূটনৈতিক নৈশভোজে অংশ নেন সংরক্ষিত নারী আসনের এমপি প্রকৌশলী মাহবুবা হাকিম। অনুষ্ঠানে তিনি নারী নেতৃত্ব ও ইসলামী মূল্যবোধ নিয়ে কূটনীতিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।



0 মন্তব্যসমূহ